
ম্যাট্রিমনি সাইটে পরিচয়, এরপর হোটেলে ডেকে যুবকের সর্বস্ব লুঠের অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে।
এয়ারপোর্ট থানায় যুবকের অভিযোগের ভিত্তিতে ম্যাট্রিমনি সাইটেই টোপ দিয়ে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তদন্তে নেমে বাংলাদেশি যোগ পেয়েছে তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে ২৭জুলাই এয়ারপোর্ট থানায় এক যুবক অভিযোগ করেছিলেন ম্যাট্রিমনি সাইট সূত্রে আলাপ হওয়া ওই তরুণী তাঁকে হোটেলে ডাকেন। এরপর কফিতে কিছু মিশিয়ে খাইয়ে দেন। বেহুঁশ হয়ে পড়লে টাকা, সোনার আংটি লুট করে নিয়ে পালায়। যুবকের অভিযোগ পেয়ে পাত্র সেজে ম্যাট্রিমনি সাইটে ফাঁদ পাতে পুলিশ। এরপর ২৭জুলাই রাতেই এয়ারপোর্ট লাগোয়া হোটেল থেকে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়। এরপর তদন্তে নেমে দমদম ক্যান্টনমেন্ট এলাকা থেকে তরুণীর চুরির পার্টনার এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
এরপরেই জানা যায় চোরাই মালের রিসিভার ওই যুবক আদতে বাংলাদেশি। লুঠের জিনিস তিনি বাংলাদেশেও পাচার করতেন। এই ঘটনায় আন্তর্জাতিক প্রতারণা চক্রের জড়িত থানার সম্ভাবনা দেখছেন তদন্তকারীরা।






