৫ মাস ধরে অত্যাচার তরুণীকে 

0
263
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

মাথার চুল এবড়োখেবড়ো করে কাটা। সারা মুখে কালশিটে। আঘাতের চোটে দু’টি চোখ ফুলে গিয়ে প্রায় বন্ধ। শীর্ণকায় তরুণীকে দেখে প্রথমে চিনতেই পারেননি মা। শেষে হাতে থাকা ট্যাটু দেখে বুঝতে পারেন, ওই তরুণী তাঁরই মেয়ে।

কাজের জন্য বেরিয়ে গত পাঁচ মাস ধরে নিখোঁজ ছিলেন তরুণী। অভিযোগ, হাওড়ার একটি ফ্ল্যাটে আটকে রেখে অকথ্য অত্যাচারের পাশাপাশি যৌন নির্যাতনও চালানো হয়েছে। উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই তরুণীকে সঙ্কটজনক অবস্থায় কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার বাঁকড়ার বাসিন্দা এক যুবক, তার মা ও বোনের বিরুদ্ধে খড়দহ থানায় লিখিত অভিযোগ করেছেন বছর চব্বিশের ওই তরুণী। ব্যারাকপুর সিটি পুলিশের উপ-নগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা বলেছেন, ঘটনাস্থল ডোমজুড় থানা এলাকায়। তাই অভিযোগটি সেখানে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই পুলিশবাহিনী বাঁকড়া এলাকায় গিয়ে দেখে, ওই যুবকের ফ্ল্যাট তালাবন্ধ। সূত্রের খবর, বাঁকড়ার বিভিন্ন অভিযোগ রয়েছে। তার মায়ের বিরুদ্ধেও অস্ত্র আইনে মামলা রয়েছে। পাশাপাশি, কাজের প্রলোভন দেখিয়ে কমবয়সি মেয়েদের ফাঁদে ফেলে অসামাজিক কাজ করানোরও অভিযোগ রয়েছে। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হয়ে কাজ করা ওই তরুণীর সঙ্গে নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত যুবকের পরিচয় হয়। তরুণীর দাবি, ওই যুবক তাঁকে অনেক কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায় এবং তার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় যোগ দিতে বলে।

অভিযোগ, সেই মতো ৩১ ডিসেম্বর ওই তরুণী বাঁকড়ায় গেলে মোবাইল কেড়ে নিয়ে তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, পানশালায় ডান্সারের কাজ করার জন্য তালিম দেওয়া হবে বলে জানানো হলে তিনি রাজি হননি। তখন ওই যুবকের মা ও বোন তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ তরুণীর।