
একের পর এক আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
দিল্লির উত্তম নগর এলাকার বাসিন্দা শুভম উপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পুলিশের কাছে অভিযুক্ত যুবক জানিয়েছেন, টিভি দেখেই প্রথম বোমাতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করেছিলেন তিনি। বছর পঁচিশের শুভম উপাধ্যায় উচ্চমাধ্যমিক পাশ করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। কাজকর্ম তেমন কিছু করেন না। তদন্তকারী দলের সঙ্গে যুক্ত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়ানো সম্পর্কে টিভিতে যে খবর দেখানো হচ্ছে, তা দেখেই অভিযুক্ত যুবক পরিকল্পনা করেছিলেন। দিল্লিগামী বিমানে বোমা হামলার ভুয়ো হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শুভম উপাধ্যায়। কিন্তু তিনি বেনামি এক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন। সেই অ্যাকাউন্ট চিহ্নিত করে শুভম উপাধ্যায়ের খোঁজ পান তদন্তকারীরা।দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ডিসিপি ঊষা রঙ্গানি জানিয়েছেন, শুভম উপাধ্যায় সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন।
মূলত প্র্যাঙ্ক হিসাবে পোস্ট করতে গিয়ে বিপদ ডেকে আনেন শুভম উপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অসামরিক বিমান চলাচল সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ছবি সৌজন্যে : এক্স








