
শ্রাদ্ধ খেতে গিয়ে দুই পক্ষের বচসা, মারামারি এবং সংঘর্ষ। পরে মারধরে এক যুবকের মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।
জানা গিয়েছে রানিগঞ্জের বক্তানগরের একটি শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল বছর ৩২-র অমিত বাউড়ি। অভিযোগ সেখানে পরিমল, বিমল, কমল বাউড়ি সহ কয়েকজনের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটি হয়। অভিযোগ এরপরেই হাতাহাতি বেধে যায়। সেই সময় অন্যান্যদের হস্তক্ষেপে অশান্তি মিটে গেলেও রাতে ঘুমন্ত অবস্থায় অমিতের ওপর হামলা চালায় পরিমল সহ কয়েকজন। বেধড়ক মারধরে গুরুতর জখম হন অমিত।
তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। খবর পেয়ে রানিগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
