
নেশার আসরে বচসার জেরে খুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রামে।
সোমবার মধ্যমগ্রাম পুরসভার হুমায়ুনপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত বছর ২৪-র বুদ্ধদেব মণ্ডল, বাড়ি আবাদালপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে প্রাক্তন পুলিশকর্মী মতিয়ার রহমানের বাড়িতে নেশার আসর বসেছিল। মতিয়ারের ছেলে আজাদ ও তাঁর কয়েকজন বন্ধু নিয়মিতই সেখানে এমন আড্ডা দিতেন বলে অভিযোগ। সেই আসর থেকেই বচসার জেরে এক বন্ধু বুদ্ধদেবের মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। সোমবার সকালে মতিয়ার রহমানের বাড়ির বাগানে রক্তাক্ত অবস্থায় বুদ্ধদেবের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক।
খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় আজাদ, তাঁর মা এবং আরও দুই বন্ধুকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
