
স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে বাজারে শীর্ষ স্থান ধরে রেখেছে ইউটিউব।প্ল্যাটফর্মটির বিজ্ঞাপন থেকে আয় ১৩ শতাংশ বেড়েছে বলে ঘোষণা করেছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। দ্বিতীয় ত্রৈমাসিক আয় রিপোর্ট অনুযায়ী, ইউটিউবের বিজ্ঞাপন থেকে মোট আয় বেড়ে ন’শ ৮০ কোটি ডলার ছুঁয়েছে যেখানে গত বছর একই সময়ে তা ছিল আটশ ৭০ কোটি ডলার।
এ আয় বিশ্লেষকদের ধারণাকেও সামান্য ছাড়িয়ে গিয়েছে, কারণ, তাদের ধারণা ছিল, ইউটিউবের দ্বিতীয় প্রান্তিকের আয় ন’শ ৬০ কোটি ডলারের আশপাশে হতে পারে।গত কয়েক বছর ধরে, ইউটিউব টেলিভিশন বিজ্ঞাপনের বড় একটি অংশ নিজেদের মুঠোয় আনার চেষ্টা করছে,বিশেষ করে যেহেতু টিভি প্ল্যাটফর্মে ইউটিউবের জনপ্রিয়তা অনেক বেড়েছে যা এর দর্শক সংখ্যার বড় একটি অংশ। এদিকে,নিলসেনের সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে, টানা তিনমাস টিভি দেখার ক্ষেত্রে ইউটিউব সর্বোচ্চ স্থানে ছিল। যেখানে এটি মোট টিভি দেখার সময়ের ১২ দশমিক চার শতাংশ দখল করেছে।
ইউটিউবের এ সাফল্যের প্রতিক্রিয়ায়, এইচবিও ম্যাক্স, অ্যামাজন প্রাইম ভিডিওর মত প্রতিদ্বন্দ্বী স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো তাদের বিজ্ঞাপন কৌশল আরও শক্তিশালী করার দিকে নজর দিয়েছে। আয় বাড়ানোর জন্য বিজ্ঞাপনের জায়গা নিয়েও ভাবছে তারা।এদিকে দিন যত যাচ্ছে নেটফ্লিক্স ইউটিউবের একটি অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। বিশেষত গত সপ্তাহে কোম্পানিটির আয় সংক্রান্ত এক কনফারেন্সে যখন নেটফ্লিক্স বিজ্ঞাপন থেকে দ্বিগুণ আয়ের পরিকল্পনা ঘোষণা করে।
