
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। এ প্লাটফর্মের জনপ্রিয় চ্যানেলগুলো প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ভিডিও আপলোড করে।প্রতিদিন এসব ভিডিও দেখে থাকেন কয়েক মিলিয়ন মানুষ।তবে কিছু বিপত্তিও রয়েছে। আর এই বিপত্তি এড়াতে সম্প্রতি ভিডিও নির্মাতাদের সতর্ক করল ইউটিউব।তারা জানিয়েছে, প্রতারকেরা বিভিন্ন উপায়ে ইউটিউবের নাম ও প্ল্যাটফর্মের ধরন ব্যবহার করে কনটেন্ট নির্মাতাদের টার্গেট করছে এবং ক্ষতিকর লিংকে প্রবেশ করানোর চেষ্টা করছে।
ইউটিউব আরও জানিয়েছে, ইউটিউব বা এর কোনো কর্মী ব্যক্তিগত ভিডিওর মাধ্যমে কখনো কোনো মেসেজ পাঠায় না বা নীতিগত পরিবর্তনের বিষয়ে যোগাযোগ করে না।যদি কেউ ইউটিউবের নাম ব্যবহার করে ব্যক্তিগতভাবে ভিডিও পাঠায়, সেটি নিঃসন্দেহে একটি ফিশিং প্রতারণা।ভিডিও নির্মাতাদের সতর্ক করার পেছনে কারণ হলো,কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে। সম্প্রতি এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করা হচ্ছে, যা ডিপফেক ভিডিও নামে পরিচিত।এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করার পাশাপাশি কণ্ঠস্বর ব্যবহার করায় অনেকেই বুঝতে পারেন না এটি নকল ভিডিও।
ইউটিউবের তথ্যমতে, ইউটিউবের সিইও নীল মোহানের ভুয়ো ভিডিও ব্যবহার করে ফিশিং হামলা চালাচ্ছে একদল সাইবার অপরাধী।ভিডিওটি নির্মাতাদের কাছে পাঠিয়ে ইউটিউবের মনিটাইজেশন নীতিতে পরিবর্তনের কথা জানানো হচ্ছে। তবে এটি সম্পূর্ণ ভুয়ো এবং এর মাধ্যমে প্রতারকেরা ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।







