ভাগ্যলক্ষ্মী বাম্পার: আশীর্বাদ নাকি বিপদ?

0
166
ছবি সৌজন্যে :সংগৃহীত
এবার বড়পর্দায় দেখা যাবে উন্মেষ গাঙ্গুলি ওরফে বাঁকুড়া মিমসের ঘোতনকে। এর আগে ফোনের ছোট স্ক্রিন থেকে বড়পর্দায় নিজেদের নিয়ে যাওয়ার জার্নিতে ছিলেন অনেকেই।
এবার সেই তালিকায় নাম জুড়লেন উন্মেষ গাঙ্গুলিও। যদিও এর আগে একটি ওয়েবসিরিজেও তাঁকে দেখা গিয়েছিল। তবে এবার তিনি আসছেন বড়পর্দায়, ভাগ্যলক্ষী বাম্পার নিয়ে। পরিচালনা করেছেন ঋষভ দত্ত। ২০২১ সালে অফিসে বসেই ঋষভের মাথায় এসেছিল ভাগ্যলক্ষ্মী বাম্পার-এর কনসেপ্ট। তারপর ঠিক হয় এই ছবি বানাবেন তাঁরা। কিন্তু সেই সময়ে পাওয়া যায়নি কোনো প্রযোজক। তাই শুরু হয় ক্রাউড ফান্ডিং। যদিও তারপর সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। এই ছবিতে উন্মেষ ছাড়াও অভিনয় করেছেন বিমল গিরি, স্বরলিপি ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী, স্বাতী মুখার্জি সহ আরও অনেকে। মফস্বল ও কলকাতার উপকণ্ঠে তৈরি ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’ এক ব্যতিক্রমী ড্রামেডি, যেখানে সৌভাগ্য আর সংকট হাত ধরাধরি করে এগোয়।
গল্পের কেন্দ্রে নারায়ণ পেশায় ডিজিটাল ঘটক, জীবনে হতাশা, ঋণ আর ভাঙা সম্পর্কের ভারে ন্যুব্জ। এক মুহূর্তের সিদ্ধান্তে কেনা একটি লটারির টিকিট তাঁর জীবনে এনে দেয় বিপুল অর্থ। কিন্তু তারপর ? এই লটারির টিকিট ভাগ্যের আশীর্বাদ নাকি বিপদসংকেত? তা জানা যাবে খুব তাড়াতাড়ি। অনেক ঝক্কি সামলে অবশেষে শুরু হতে চলেছে ভাগ্যলক্ষী বাম্পার-এর পথ চলা।