
বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে দ্রুতই ফয়সালা আসবে। ২৭০ দিন আলাপ-আলোচনার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছেন, তা হতাশাজনক।এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে। এ সময় অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ একপেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। যেকোনো আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই।
