
জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সেরে ফেলার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এমনটাই জানিয়েছেন মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে গত তিন নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের যথাসম্ভব বাদ দেওয়া, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, পুলিশের শরীরে ক্যামেরা লাগাতে নিদের্শ দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে সব ডিসি, এসপি, ওসি বদল করা এবং নির্বাচনে লটারির মাধ্যমে দায়িত্ব দেওয়া নিয়েও কথা বলেন মহম্মদ ইউনুস। শফিকুল বলেছেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোয় কঠোর ভাবে আইন প্রয়োগ করে। এদিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ফের সরব হয়েছে ঢাকা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর দাবি, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে আর আগলে রাখতে পারবে না ভারত। ওই পোস্টে ইউনূসের প্রেসসচিব লিখেছেন, বাংলাদেশ সরকার অনেক দিন ধরে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আইনানুগ অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু ভারত তা মানছে না। এটা আর চলবে না।
