
রমজান মাসে বাংলাদেশে অপরাধ ঠেকাতে অভিযানের ধরন বদলাচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের যৌথ অভিযানের নাম আর শয়তানের খোঁজ থাকছে না। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র খবর, কোনও যৌথ অভিযানের নাম ডেভিল হান্ট বা শয়তানের খোঁজ আর রাখা হবে না। রমজান মাস চলাকালীন রোজা এবং ইদের কেনাকাটা শুরু হয়েছে বাংলাদেশে।
এই সময়ে অপরাধপ্রবণতাও বৃদ্ধি পেয়ে থাকে। চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা আটকাতে তাই সক্রিয় হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে দেশের নানা প্রান্ত থেকে জাল টাকার কারবার, চুরি, ছিনতাই কিংবা প্রকাশ্যে ডাকাতির খবর আসতে শুরু করেছে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার বাংলাদেশের সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে কোর কমিটির বৈঠক হয়। সেখানে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার চাইছে, উৎসবের মরসুমে অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে বেশি সক্রিয় হোক। তাদের যৌথ অভিযান হোক আরও জোরদার।





