
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকায় বৈঠক করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ইঙ্গিত দিয়েছেন, মধ্যস্থতাকারীর অধীনে আমেরিকায় এই ধরনের একটি বৈঠকে পুতিনের পক্ষে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা অনেক বেশি কঠিন হবে।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন এবং এখন এর ফল কী হয়, তা দেখার অপেক্ষায় আছেন। চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের একাধিক প্রস্তাব প্রেসিডেন্ট পুতিন বারবার প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেনের নেতা এর আগে বলেছিলেন, ফ্রান্সে শুরু হওয়া জি- সেভেন শীর্ষ সম্মেলনে তার সঙ্গে বৈঠক করার আমন্ত্রণ প্রেসিডেন্ট পুতিন উপেক্ষা করেছেন।
সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করা একটি ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি প্রস্তাব দেন যে আমেরিকায় এমন একটি বৈঠক আয়োজন করা যেতে পারে, যেখানে পুতিনের পক্ষে তা প্রত্যাখ্যান করা অনেক কঠিন হবে। উল্লেখ্য প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে বলেছিলেন, তিনি জি-সেভেন সম্মেলনের সময় পুতিনের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মস্কো আবারও প্রমাণ করেছে যে তারা এ বিষয়ে কথা বলতে রাজি নয়।
