
রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তি সমঝোতার মাঝে কোনও শর্ত চাপানো চলবে না। শান্তি আলোচনার পথ হতে হবে নিঃশর্ত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় এই বার্তাই দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অন্যথায়, মস্কো যে ভাষা বোঝে, সেই ভাষাতেই বোঝানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিঃশর্ত শান্তি আলোচনার কথা বলে জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাশিয়া যদি তাতে সম্মত না হয়, তবে রাশিয়া রাজি না হওয়া পর্যন্ত প্রবল ভাবে চাপ দিয়ে যেতে হবে। সৌদি আরবে সম্প্রতি আমেরিকা এবং ইউক্রেনের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ইউক্রেনকে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। তাতে রাজিও হয়েছেন জেলেনস্কিরা। কিন্তু রাশিয়ার তরফে এখনও পর্যন্ত আলোচনার টেবিলে বসা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
যুদ্ধবিরতির বিষয়ে পুতিনের নীতিতে খুশি নয় ব্রিটেন, ফ্রান্স-সহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তি নিয়ে ছেলেখেলা করছেন প্রেসিডেন্ট পুতিন।
