পোপের সঙ্গে শান্তি আলোচনা জেলেনস্কির

0
118
ছবি সৌজন্যে : এক্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোপ লিও চতুর্দশ লিওর সঙ্গে বৈঠক করেছেন। রোমে আয়োজিত আন্তর্জাতিক ইউক্রেন পুনর্গঠন সম্মেলনের আগের দিন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়েছে,বৈঠকে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।

জেলেনস্কি এ সময় ইউক্রেন থেকে রাশিয়ায় অপহৃত হাজার হাজার শিশুকে ফিরিয়ে আনতে ভ্যাটিকানের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।অন্যদিকে,দু পক্ষের আলোচনায় আবারও মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনার জন্য ভ্যাটিকানকে সম্ভাব্য আয়োজক হিসেবে বিবেচনার বিষয়টি উঠে আসে,যদিও রাশিয়া মে মাসে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এদিকে পোপের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিথ কেলোগের সঙ্গে। তিনি রোমে অনুষ্ঠেয় ইউক্রেন পুনর্গঠন সম্মেলনে অংশ নিয়েছেন। এই সম্মেলনের লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে সমর্থন জোগাড় করা, যার মধ্যে রয়েছে বেসরকারি বিনিয়োগও।

এদিকে রাশিয়া একই সময়ে ইউক্রেনে হামলা বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য,২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার কিয়েভকে সমর্থন কিছুটা স্তিমিত হলেও, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়াবেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন বিষয়ক বক্তব্যকে ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন।