
আনুষ্ঠানিকভাবে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী এখন হলিউড তারকা জো সালদানা। তার অভিনীত নতুন ছবি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তির পর এই রেকর্ড তৈরি হয়েছে।ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১.২৩ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।
জো সালদানা একমাত্র অভিনেত্রী, যিনি বিশ্বের সর্বোচ্চ আয় করা চারটি ছবিতে অভিনয় করেছেন।এর মধ্যে রয়েছে ২০০৯ সালের অ্যাভাটার, ২০২২ সালের অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার, ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স এন্ড গেম এবং ২০১৮ সালের অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। এই চারটি ছবিই বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।অ্যাভাটার সিরিজের পাশাপাশি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে গামোরা চরিত্রে এবং গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি সিরিজেও তিনি জনপ্রিয় মুখ। এছাড়া স্টার ট্রেক ট্রিলজিতে নয়োটা উহুরার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।ওই সিরিজটিও বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।দ্য নাম্বার্স-এর হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত জো সালদানার অভিনীত ছবিগুলির মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১৫.৪৭ বিলিয়ন ডলার। এই সাফল্যের মাধ্যমে তিনি স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল. জ্যাকসনকে পিছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছেছেন।এই মাইলফলক ছোঁয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জো সালদানা তার সহকর্মী, পরিচালক এবং ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন।তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক জেমস ক্যামেরন, জেজে আব্রামস, জো ও অ্যান্থনি রুশো এবং জেমস গানকে। সালদানা বলেন, জেমস ক্যামেরন তার মধ্যে এমন সম্ভাবনা দেখেছিলেন, যা তিনি নিজেও অনেক সময় বুঝতে পারেননি।বিশ্বজুড়ে ফ্যানদের উদ্দেশে তিনি বলেছে, আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।উল্লেখ্য,২০২৫ সাল জো সালদানার জীবনে আরো একটি স্মরণীয় বছর। মার্চ মাসে তিনি ছবি এমিলিয়া পেরেজ-এ অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রীর অস্কার জেতেন।
তিনিই প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী যিনি অ্যাকাডেমি পুরস্কার পেলেন। একই ছবির জন্য তিনি কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব, বাফটা এবং ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছেন।বর্তমানে অ্যাভাটার সিরিজে নেইতিরির চরিত্রে অভিনয় করছেন জো সালদানা।জানা গেছে,তিনি অ্যাভাটার ৪ এবং অ্যাভাটার ৫-এও ফিরবেন। ফলে ভবিষ্যতেও বক্স অফিসে হলিউড তারকা জো সালদানার রাজত্ব বজায় থাকবে বলেই মনে করছেন অনেকে।
