সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ে মৃত্যু জুবিন গর্গ-র

0
274
ছবি সৌজন্যে : এক্স
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। অসমিয়া, বাংলা সঙ্গে বলিউডের বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন জুবিন। গ্যাংস্টার সিনেমার ইয়া আলি গান গেয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন তিনি।
জানা যাচ্ছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। সেখানেই পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তাঁর আগে সিঙ্গাপুরে প্যারা গ্লাইডিং করতে যান জুবিন। জানা যায়, প্যারা গ্লাইডিং করার সময় হঠাৎ সমুদ্রের মধ্যে পড়ে যান তিনি। বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমূদ্রের জলে ভাসতে থাকেন। খবর পেয়ে সিঙ্গাপুরের পুলিশ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে ভর্তি করানো হয়েছিল সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ছিলেন আইসিইউতে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন গায়ক। মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অসমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন।
সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে মন মানে না, পিয়া রে তাঁর জনপ্রিয় গান। বলিউডে প্রীতমের হাত ধরে গ্যাংস্টার ছবি ইয়া আলি গান হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন। নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকে পড়েছিলেন গায়ক।