
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের অভিযুক্ত হলে পদচ্যুত হওয়ার প্রস্তাবিত আইন বিল নিয়ে কোনওরকম আলোচনা করতে রাজি নয় কংগ্রেস। এই বিল নিয়ে আলোচনার লক্ষ্যে যে যৌথ সংসদীয় কমিটি তৈরি হচ্ছে তাতে অংশ নেবে না কংগ্রেসও। প্রাথমিকভাবে দলের তরফে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, দ্রুতই লোকসভার স্পিকার ওম বিড়লাকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য গত বাদল অধিবেশনের শেষদিনে লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন সংশোধনী বিল ২০২৫, সংবিধান ১৩০ তম সংশোধনী বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল ২০২৫। ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না পান, সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে।
প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। তবে ওই বিলটিকে পাশ না করিয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। বিল নিয়ে আলোচনার জন্য মোট ২১ সদস্যের যৌথ সংসদীয় কমিটি গঠিত হবে।









