তাপপ্রবাহের কারণে শুক্র, শনিবার পার্বত্য অঞ্চল বাদে রাজ্যের সব সরকারি, সরকার পোষিত স্কুল বন্ধের ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দক্ষিণবঙ্গে বর্ষার দেখা তো নেইই, উল্টে লাফিয়ে বাড়ছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলো সকালে করা যায় কিনা তা নিয়ে বিভিন্ন জেলা থেকে শিক্ষা দফতরের কাছে আগেই আবেদন করা হয়েছিল। তবে এখনই সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন শুক্র এবং শনিবার রাজ্যের পার্বত্য অঞ্চল বাদে রাজ্য সরকার এবং সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পঠনপাঠন স্থগিত থাকবে। কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রীষ্মের ছুটি কাটিয়ে কয়েকদিন আগেই স্কুল খুলেছে। কিন্তু তাপপ্রবাহের কারণে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে স্কুল বন্ধের সিদ্ধান্তে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
গ্রাম থেকে শহর
News & Much More






