
আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ধর্ষক ও খুনি হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার ৫৮ দিনের মাথায় ৪৫ পাতার চার্জশিট শিয়ালদা আদালতে জমা দিয়েছে সিবিআই।
চার্জশিটে নাম রয়েছে ধর্ষণ-খুনের অভিযোগে ধৃত সঞ্জয় রায়ের, এমনটাই খবর সূত্রের। চার্জশিটে রয়েছে ৫৭ জন সাক্ষীর বয়ান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর, জমা দেওয়া চার্জশিটে মোট ২০০ জনের নাম রয়েছে। এদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে বলে খবর। যদিও এখনও তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে। কারণ একা সঞ্জয় নয়, একাধিক কেউ জড়িত থাকতে পারে বলে এখনও অনুমান করছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, মূল খুন-ধর্ষণের মামলার চার্জশিটে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ জেলবন্দি সন্দীপ ঘোষ এব টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই। ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ। এরপর থেকেই একাধিক আন্দোলনে উত্তাল রয়েছে কলকাতা সহ জেলা।









