
সন্দেশখালি দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিবিআই। আর তাতেই নাম রয়েছে দাপুটে প্রভাবশালী নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের। এই ঘটনা নিয়ে খুশির হাওয়া নিহত পরিবারে।
২০১৯ সালে ৮ জুন বিজয় মিছিলের নাম করে সন্দেশখালির ভাঙিপাড়া এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় শেখ সন্দেশখালি তৃণমূল নেতা শাহজাহানের অনুগামীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় পাশাপাশি আরও এক বিজেপি কর্মীর হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যায় শেখ শাহজাহানের অনুগামীরা। সেই ঘটনার পর থেকে আজও পর্যন্ত নিখোঁজ ওই বিজেপি কর্মী। এই ঘটনার পর রাজ্যে তদন্তকারী সংস্থা সিআইডি তদন্তের ভার পায়। মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ সিআইডি প্রধান অভিযুক্ত শেখ শাহাজাহান আব্দুল কাদের মোল্লা-সহ একাধিক তৃণমূল কর্মীদের নাম চার্জশিট থেকে সরিয়ে দেয় এবং সেই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আজও পর্যন্ত গ্রেফতার করেনি।
এরপর পরিবারের লোকেরা বারবার করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সম্প্রতি কলকাতা হাইকোর্ট সেই ঘটনার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর সিবিআই সিট গঠন করে তদন্ত শুরু করেছে।









