
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের রক্ষাকবচ দেয়নি না সুপ্রিম কোর্ট। বুধবার শুনানি শেষে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, পুলিশ নিজের মতো কাজ করছে। সেই তদন্তে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই।
অভয়াকাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের একাংশের অভিযোগ ছিল, তাঁদের নামে মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ। প্রতিহিংসার পালা চলছে। এদিন সেই দাবি কার্যত নসাৎ করে দেয় বিচারপতি এম এম সুন্দরেশ ও সতীশ শর্মার ডিভিশন বেঞ্চ। সাফ জানানো হয়, আরও অনেক মামলা রয়েছে। তার কোনও শেষ নেই। কলকাতা হাই কোর্টের পক্ষে এই সংক্রান্ত মামলা পর্যবেক্ষণ করা সহজ। অভিযোগ, যে সমস্ত চিকিৎসক আর জি করের ঘটনার পর আন্দোলনে যোগ দিয়েছিলেন, বেছে বেছে তাঁদের হেনস্থা করা হচ্ছে।
পুলিশ বার বার তাঁদের ডেকে পাঠাচ্ছে। নানা ভাবে জিজ্ঞাসাবাদ করছে। চিকিৎসকদের সংগঠনের তরফে আইনজীবী করুণা নন্দী এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু পুলিশের কার্যক্রমে হস্তক্ষেপ করতে চায়নি আদালত।








