
আইপ্যাক-কাণ্ডে ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত শেক্সপিয়র সরণী এবং সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ইডি-র বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর-এই স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
পুলিশি তদন্তের উপরেও স্থগিতাদেশ দেয় আদালত। মামলায় সব পক্ষকে নোটিস জারি করেছে দুই বিচারপতির বেঞ্চ। দু’সপ্তাহের মধ্যে সব পক্ষের কাছ থেকে হলফনামা তলব করা হয়েছে। এই সময়ের মধ্যে ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্নের জায়গা থাকে না। আগামী ৩ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে। আইনজীবী মনুসিঙ্ঘভি বেঞ্চকে অনুরোধ করেন যাতে তদন্তে স্থগিতাদেশ না দেওয়া হয়। পুলিশ কড়া পদক্ষেপ করবে না, এমন নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি মিশ্র বলেছেন, অন্য কোর্ট ১০ মিনিট শুনে নির্দেশ দেয়।
সুপ্রিম কোর্ট তো বক্তব্য শুনেছে। নোটিস জারি করতে রাজি হয়েছে। বিচারপতিরা আরও জানান, কোনও কেন্দ্রীয় সংস্থা যেমন কোনও রাজনৈতিক দলের নির্বাচনী কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না, তেমনই কেন্দ্রীয় সংস্থা সঠিক ভাবে কাজ করলে, রাজনৈতিক দল যুক্ত আছে বলে তদন্ত করা যাবে না, এমনও বলা ঠিক নয়।









