
দেশের তরুণ প্রজন্মের জন্যে অনুপ্রেরণার উৎস স্বামী বিবেকানন্দ। স্বামীজির জন্মজয়ন্তি উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন করে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বামীজির দেখা শক্তিশালী এবং উন্নত ভারতের স্বপ্ন পূরণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেছেন মোদী। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী লিখেছেন, স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা। তারুণ্যের জন্য তিনি একটি চিরন্তন অনুপ্রেরণা। তিনি তরুণদের মনে আবেগ এবং উদ্দেশ্য জাগিয়ে চলেছেন। তাঁর দেখা একটি শক্তিশালী এবং উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্সপোস্টে তিনি লিখেছেন, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। স্বামীজি ভারতের মহান আধ্যাত্মিক বার্তা পশ্চিমী বিশ্বে নিয়ে গিয়েছিলেন। তিনি ভারতের জনগণের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিলেন।
স্বামীজি যুবসমাজকে তাদের সম্ভাবনাকে উন্মোচিত করতে, জাতিগঠনের জন্য কাজ করতে এবং মানবতার সেবা করতে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর উত্তরাধিকার বিশ্বজুড়ে অগণিত মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।








