
তামিলনাড়ুর শিবাকাশিতে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ মহিলা সহ ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে । ভয়াবহ বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন।
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ এবং দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, আতশবাজির কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ছিল। কিন্তু দুর্ঘটনাবশত সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার পর্যন্ত আওয়াজ শোনা গিয়েছে। বিস্ফোরণের পর পরই এলাকায় আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণের জেরে কারখানার বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। সারা ভারতে যতটা বাজি উৎপাদন হয়, তার অধিকাংশই আসে এই শিবকাশী থেকে।









