
ডোনাল্ড ট্রাম্পকে কার্যত খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে।
২০২৪ সালের জুলাই মাসে জনসভা করার সময় বন্দুকবাজের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে কান ঘেঁষে বেরিয়ে গেলেও বিস্তর রক্তপাত হয়েছিল। রক্ত লেগেছিল ডোনাল্ড ট্রাম্পের মুখেও। অভিযোগ, সেই ছবি দেখিয়েই ইরানের ওই সংবাদমাধ্যম লিখেছে, এ বার আর লক্ষ্য মিস হবে না! এই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত ইরান কিংবা আমেরিকা আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি। এদিকে, নিজেদের আকাশসীমা পাঁচ ঘণ্টার জন্য বন্ধ রেখেছে ইরান।
বুধবার বেশি রাতের দিকে প্রথমে প্রায় দু’ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ করে তারা। পরে তা আরও বৃদ্ধি করা হয়। সব মিলিয়ে প্রায় পাঁচ ঘণ্টা আকাশসীমা বন্ধ রাখে তেহরান। যদিও ইরানে যাতায়াতের জন্য যে আন্তর্জাতিক বিমানগুলির নির্দিষ্ট অনুমতি রয়েছে, সেগুলির ইরানের আকাশসীমায় প্রবেশ কোনও বাধা ছিল না।কী কারণে আচমকা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কোনও ব্যাখ্যা দেননি তেহরানের কর্তৃপক্ষ।









