
আজ কি রাত মজা হুসনো কি, স্ত্রী-টু সিনেমার গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছিলেন সিনেজগতের মানুষেরা।গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে রাতারাতি ট্রেন্ডিংয়ে পৌঁছে যায়।
এই একটি গানই তামান্নাকে নতুন করে চিনেছেন চলচ্চিত্রের জগতের মানুষ থেকে ফ্যান ফলোয়াররা। সেই তামান্নার জন্মদিন ২১ ডিসেম্বর,৩৫ বছরে পা রাখলেন নায়িকা। তবে সম্ভবত এটাই তামান্নার জীবনের শেষ অবিবাহিত জন্মদিন।এর পরের জন্মদিনগুলোতে তামান্নার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করবেন বর্তমান প্রেমিক বিজয় ভার্মা। আসছে বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।লাস্ট স্টোরিজ টু -এ প্রথমবার একসঙ্গে অভিনয় করেন এই জুটি। সে সময় তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের।সেখান থেকেই নাকি প্রেম। তাঁরা সম্পর্কের বিষয়টি স্বীকার না করলেও মাঝেমধ্যেই মুম্বাইয়ের রাজপথে, শপিং মলের বাইরে কিংবা সিনেমা হলে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। শুধু তা–ই নয়,বিদেশ ভ্রমণের সময় এয়ারপোর্টেও পাপারাজ্জিদের সামনে পড়ে যান তামান্না-বিজয়।তবে সম্পর্ক নিয়ে একবার তামান্না বলেছেন,তাঁর আর বিজয়ের সম্পর্কের সেতু হলো সিনেমা। তাঁরা একসঙ্গে প্রচুর সিনেমা-ওয়েব সিরিজ দেখেন। শুধু দেখেন বললে ভুল হবে, আলোচনাও করেন। তামান্নার মতে, দুজনের সম্পর্কের দৃঢ় বন্ধনের কারণ এই সিনেমাই। জানা গেছে, তামান্না-বিজয়ের পরিবারে নাকি সাজ সাজ রব।বিয়ের আগে নতুন বছরের শুরুতে বাগদানও সেরে ফেলার গুঞ্জন উঠেছে। এদিকে,তামান্নার জন্ম মুম্বাইতে। প্রথম সিনেমা বলিউডে। কিন্তু জনপ্রিয় হয়েছেন তেলেগু সিনেমা দিয়ে।তাঁর রূপ-লাবণ্যের যেন কোনো কমতি নেই। তামিল সিনেমাতেও দেখা মিলেছে গুণী অভিনেত্রীর।১৯৮৯ সালের এই দিনে মুম্বাইয়ের ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন তামান্না। বাবা হীরা ব্যবসায়ী। কিন্তু মাত্র ১৩ বছর থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেত্রী। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিনয় দেখেই প্রথম অভিনয়ের প্রস্তাব পান। সেই ডাকে সাড়া দিয়ে প্রায় এক বছর থিয়েটারে কাজ করেন তামান্না।মাত্র ১৫ বছর বয়সেই নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হন তিনি। যদিও সিনেমাটি ফ্লপ হয়েছিল।একই বছর তেলেগু সিনেমাতেও অভিষেক হয় তামান্নার। এর এক বছর পর তামিল সিনেমায়।২০০৭ সালে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় তামান্নার।
হ্যাপি ডেইজ এবং কাল্লুরি নামের দুটো সিনেমায় অভিনয় করে দক্ষিণে নিজের অবস্থান পাকা করে ফেলেন অভিনেত্রী। দুটো সিনেমাই ছিল দর্শকপ্রিয় এবং বক্স অফিসে সফল। যার সুবাদে তামান্না ভাটিয়া পান সেরা তামিল অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার সাউথ পুরস্কারের মনোনয়ন।









