
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম এবং দক্ষিণ ভারতের কেরলমের পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুসারেই সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভোটগণনা হবে আগামী ৪ মে, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর সঙ্গেই। কন্নুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন কেরলমের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন। পুদুচেরির একটি সরকারি স্কুলে ভোট দিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী।
ভোটের দিন সকালে বাড়িতে পুজোয় বসেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। সোশ্যাল মিডিয়ায় পুজোর একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদে এবং মানুষের আস্থায় অসমের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। পুদুচেরিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী থিয়াগারাজনের বিরুদ্ধে ভোটারদের টাকার টোপ দেওয়ার অভিযোগ। থিয়াগরাজন এ বার এনডিএ শিবিরের দল এনআর কংগ্রেসের প্রার্থী হিসাবে পাগুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।









