
মহালয়ার সকালে আনুষ্ঠানিক ভাবে আর জি কর-এ নিহত চিকিৎসকের স্মরণে প্রতীকী মূর্তি উন্মোচন করা হয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনের ফাঁকা জায়গায় বসানো হয়েছে সেই মূর্তি।
মূর্তি উন্মোচনের পাশাপাশি পথনাটিকার মধ্যে দিয়ে আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, ফাইবারের তৈরি মূর্তিটির সঙ্গে ধর্ষিতা এবং নিহত চিকিৎসক পড়ুয়ার চেহারার কোনও মিল নেই। এক নারীর যন্ত্রণার অভিব্যক্তি ফুটিয়ে তোলা হয়েছে আবক্ষ মূর্তিটিতে। ভাস্কর অসিত সাঁই বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের এই মূর্তিটি তৈরি করে দিয়েছেন। এদিকে শিল্পী অসিত সাঁই জানিয়েছেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় যে ভাবে নির্মম অত্যাচারের শিকার ওই চিকিৎসক হয়েছেন, সেটাই তাঁর তৈরি আবক্ষ অভয়া মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে ৷









