
দেশে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্ব।শনিবার দেশের দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে চলছে এই পর্বের ভোটগ্রহণ।
তারমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে আটটি আসন বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া।এছাড়াও ষষ্ঠ দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, হরিয়ানার ১০টির মধ্যে সবগুলি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ছ’টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে চারটিতে ভোট হচ্ছে।কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাতটির মধ্যে সবক’টি এবং জম্মু-কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতে ভোট হচ্ছে।সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। অন্যদিকে, প্রতিবারের মতো এবারও দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটদানে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দিল্লির প্রবল গরমে নাজেহাল অবস্থা ভোটারদের।ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের কানহাইয়া কুমার। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি। নতুন দিল্লি কেন্দ্রে আপ মন্ত্রী সোমনাথ ভারতীর সঙ্গে লড়াই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজের। হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, শিল্পপতি নবীন জিন্দল এবং কংগ্রেসের রাজ বব্বর।পুত্র বরুণ গান্ধীকে টিকিট না দিলেও মা মেনকা গান্ধীকে এবারও উত্তরপ্রদেশের সুলতানপুরে প্রার্থী করেছে বিজেপি।অনন্তনাগ-রাজৌরিতে পিডিপি সভানেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রয়েছেন ভোটের লড়াইয়ে।









