
সোমবারও ঢাকা হাইকোর্টে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মামলার শুনানি হল না। চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী সুমনকুমার রায় বলেছেন, শুনানির তালিকায় এই মামলার সিরিয়াল অনেক পিছনে ছিল।
তাদের সিনিয়র আইনজীবীরা এদিন আদালতে উপস্থিত ছিলেন। আদালত জানিয়েছে, এটি সেন্সিটিভ মামলা। সিরিয়াল অনুযায়ী যখন মামলাটি শুনানির জন্য আসবে, তখন শুনানি হবে। ফলে সোমবার জামিনের শুনানি হচ্ছে না। চেষ্টা করা হবে আগামী সপ্তাহে যাতে শুনানি হয়।চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেছেন, তাঁরা ১২ জানুয়ারি ঢাকা হাইকোর্টে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন জানান। যে কোনও জমায়েত কিংবা সভায় বক্তব্যের শুরুতে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রথমেই বলতেন, মা ও মাতৃভূমি স্বর্গের চেয়ে ভাল। যে পতাকা অবমাননার অভিযোগ উঠেছে, তা বাংলাদেশের জাতীয় পতাকা নয়। এমনকি, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আদালতের অনুমতি ছাড়া দেওয়া যায় না। আদালতের অনুমতি নেওয়া হয়নি। ২৫ নভেম্বর ইসকনের প্রাক্তন সদস্যকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২৬ তারিখ চট্টগ্রামের আদালতে তোলা হয় তাঁকে।
আনা হয় রাষ্ট্রদ্রোহ মামলা। কিন্তু শুনানির আগে পরপর কয়েকবার আইনজীবীরা বাধার মুখে পড়েন, শুনানিতে বাধা পড়ে।চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারির পর থেকে বাংলাদেশের একাংশ উত্তাল।









