
২০০৪ সালে চট্টগ্রামে ট্রাকবোঝাই অস্ত্র পাচারের ঘটনায় মৃত্যুদণ্ড মকুব হয়েছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-সহ ছ’জনের। তবে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সপ্তম অভিযুক্ত তথা ভারতের সশস্ত্র জঙ্গি সংগঠন আলফা-র প্রধান পরেশ বড়ুয়ার।
বুধবার বাংলাদেশের হাইকোর্টে ওই মামলায় শুনানির পর রায় দিয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ। অভিযুক্ত ১৪ জনের মধ্যে বাবরের পাশাপাশি ছ’জনকে মুক্তি দেওয়া হয়েছে। ছ’জন আসামীর সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে সাজা মকুব হয়নি আলফার-র সামরিক কমান্ডার পরেশের। ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাঁর।২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম থেকে ১০টি ট্রাকবোঝাই অস্ত্র আটক করা হয়। বাজেয়াপ্ত হয় ৪ হাজার ৯৩০টি আগ্নেয়াস্ত্র, ২৭ হাজার ২০টি গ্রেনেড, ৮৪০টি রকেট লঞ্চার, ৩০০টি রকেট, প্রায় ১০ লক্ষ বুলেট-সহ আরও বহু অস্ত্র।
২০১৪ সালে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে দোষী সাব্যস্ত হন বাবরেরা। ১৪ জনেরই মৃত্যুদণ্ড হয়। ওই মামলাতেই বুধবার অপরাধীদের সাজা কমাল হাইকোর্ট।








