
বাংলাদেশে পুনরায় ভিসা পরিষেবা চালু করবে ভারত। শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছিল।
তবে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সমীকরণ অনেকটাই বদলাবে বলে আশাবাদী ভারত -বাংলাদেশ দু’দেশের মানুষ। এহেন পরিস্থিতিতে বাংলাদেশে সব রকম ভিসা পরিষেবা চালু করবে ভারত। এমনকি সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত কনস্যুলার। শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে অশান্তির কারণে মেডিক্যাল এবং ডবল-এন্ট্রি ছাড়া আর সব ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। তবে এবার তা পুনরায় চালু করতে চলেছে ভারত।
অন্যদিকে, ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটের জন্য আকাশসীমা বন্ধ করেছে বাংলাদেশের নতুন সরকার। সূত্রের খবর, বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এর ফলে কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারত গামী বিমানগুলিকে অনেকটা ঘুরে যেতে হচ্ছে। গতকাল থেকেই এই নিষেধাজ্ঞা চালু হয়েছে। ফলে বেশ বিপাকে পড়েছে বিমান সংস্থাটি।









