
সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটের প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তকারীদের নজরে সঞ্জীব মুখিয়ার গ্যাং।কী ভাবে এই কাণ্ডে তারা জড়িয়েছে, তার রহস্যভেদ করছেন তদন্তকারীরা।
বিহার পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, প্রশ্নফাঁসকাণ্ডে সাইবার অপরাধীদের সঙ্গে যোগ ছিল সঞ্জীবের গ্যাংয়ের।ঝাড়খণ্ড থেকে নিটকাণ্ডে যুক্ত থাকার অপরাধে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে তিন জনই সাইবার অপরাধ জগতে বিচরণ করতেন। গ্রেফতারির সময় তাঁদের কাছ থেকে কিছু সিম কার্ড এবং ব্যাঙ্ক চেক উদ্ধার করা হয়েছে। নিটকাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। সেই কাণ্ডে কারা কারা জড়িত, তা খুঁজতে উঠেপড়ে লেগেছে বিভিন্ন রাজ্যের পুলিশ এবং সিবিআই। উঠে আসছে একাধিক নাম। সেই তালিকায় বারবার ঘুরে ফিরে চলে আসছে সঞ্জীবের নাম। তিনি পেশায় বিহারের নুরসরাইয়ের হর্টিকালচার কলেজের কর্মী। অভিযোগ, নিট পরীক্ষার একদিন আগে পটনা এবং রাঁচীতে লার্ন প্লে স্কুল অ্যান্ড বয়েজ় হস্টেলে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে আসেন সঞ্জীব। ওই লার্ন প্লে স্কুল অ্যান্ড বয়েজ় হস্টেলে আগে থেকেই পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করেছিলেন সঞ্জীব। সেখানেই তাঁদের প্রশ্ন এবং উত্তরপত্র বিলি করা হয় লাখ লাখ টাকার বিনিময়ে।









