
অনশনের চার দিনের মাথায় গুরতর অসুস্থ হয়ে পড়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা। গভীর রাতে তাঁকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আপের দাবি, মধ্যরাতে অতিশী মারলেনার রক্তে শর্করার পরিমাণ ৪৩ হয়ে যায়। ভোর ৩টে নাগাদ তা আরও কমে ৩৬ হয়। আপ নেতা তথা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ এক্স হ্যান্ডলে ব্লাড সুগার মাপার যন্ত্রের ছবি দিয়ে অতিশী মারলেনার শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন।সোমবার সন্ধ্যায় অতিশী মারলেনার শারীরিক পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর সুপারিশ করেন।তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পর চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে ক্ষতিকারক কিটোনের মাত্রা বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছে। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন। কিন্তু তাতে রাজি হননি অতিশী মারলেনা। তিনি বলেছিলেন, ২৮ লাখ দিল্লিবাসী জল না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। বিজেপি পরিচালিত হরিয়ানা সরকার গত ৩ সপ্তাহ ধরে দিল্লিকে ১০০ এমজিডি (মিলিয়ন গ্যালন পার ডে) কম জল দিচ্ছে।









