
চিনের জলসম্পদ মন্ত্রী লি গোয়েইংয়ের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের নদী ও জল ব্যবস্থাপনায় ৫০ বছরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রচনা করে দেওয়ার আর্জি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই আলোচনায় তিস্তা প্রকল্পের প্রসঙ্গও উঠেছিল। চিনা মন্ত্রী জানিয়েছেন বাংলাদেশ ও চিনের নদী-সমস্যা খানিকটা একই রকমের। নিম্ন অববাহিকায় জলাভাবে নদীতে চড়া পড়ে যাচ্ছে। ইউনূস তাঁকে জানান, বাংলাদেশের দক্ষিণাংশে শত শত নদী।
নদী বাংলাদেশের জীবন। কিন্তু কখনও কখনও এই নদী মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। নদী শাসন ও জল ব্যবস্থাপনায় চিন অসাধারণ কাজ করেছে। সেই অভিজ্ঞতা তারা বাংলাদেশে প্রয়োগ করুক এদিকে,সফরকারী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বেজিংয়ে উষ্ণ সংবর্ধনা দিয়ে আলোচনায় বসেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। অবস্থানগত কারণে চিনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ২১০ কোটি ডলার অর্থ ও ঋণ সাহায্য ঘোষণা করেছে বেজিং। সড়ক, সেতু, বন্দর উন্নয়নের পাশাপাশি দেশে কর্মসংস্থান বাড়াতে চিনা শিল্প ও কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।সেই সঙ্গে এত দিন দেওয়া ঋণে সুদের হার ৩-৪ শতাংশ থেকে কমিয়ে ১-২ শতাংশ করা এবং কমিটমেন্ট ফি মকুব করার আর্জি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার দফতরের আশা, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য চিনা কোম্পানিগুলি বাংলাদেশে ১০০ কোটি টাকার মতো বিনিয়োগ করবে। উল্লেখ্য, জাপান, বিশ্ব ব্যাঙ্ক, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পরে চিন বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ ঋণদানকারী। তবে বিশ্বের বহু দেশ চিনের মহাজনী ঋণ ব্যবসার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদেরা আগের হাসিনা সরকারকে সতর্ক করলেও তারা বেজিংয়ের কাছ থেকে ঢালাও ঋণ নিয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে অনুদানের অর্থও ঋণ খাতে যোগ করে দিয়েছে চিন। এখন তার সুদের কমাতে দরবার করতে হচ্ছে মুহাম্মদ ইউনূসকে।









