
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। মাত্র ১২ মিনিটের শুনানিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক অনির্বাণ দাস।
সোমবার সাজা ঘোষণা হবে। আর জি করের চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গতবছর ১১ নভেম্বর। আর তার ঠিক ৫৯ দিনের মাথায় এবং ঘটনার ১৬২ দিনে রায় ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩-র ১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। যে ধারায় তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের পর মৃত্যু এবং খুনের অভিযোগ আনা হয়েছে। বিচারক জানিয়েছেন সোমবার দুপুর সাড়ে ১২টায় রায় ঘোষণা করবে আদালত। এর আগে আর জি করের ঘটনায় সঞ্জয়ের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে যে চার্জশিট দাখিল করা হয়েছিল তাতে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করা হয়।
সিসিটিভি ফুটেজে এবং টেলিফোন টাওয়ার লোকেট করে দেখা যায় ওইদিন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় ওই সেমিনার হলে ঢুকেছিলেন এবং বেরিয়ে গিয়েছিলেন। ঘটনার পরদিন ১০ অগাস্ট টালা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।







