
বিশ্বের বনের রহস্য উন্মোচনের জন্য মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ। ফ্রেঞ্চ গায়ানার কৌরোতে অবস্থিত ইউরোপীয় মহাকাশ বন্দর থেকে বায়োমাস নামের স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে সংস্থাটি।
এয়ারবাস ডিফেন্স এবং এরিয়ানস্পেস-এর মাধ্যমে তৈরি এই স্যাটেলাইটটি গ্রীষ্মমণ্ডলীয় বন সম্পর্কে আরও ভালো করে বোঝা এবং জানার জন্য ডিজাইন করেছে সংস্থাটি, বিশেষ করে বন কতটা কার্বন সঞ্চয় করে তা পরিমাপের লক্ষ্যে।এ সফল উৎক্ষেপণটিতে মহাকাশ সংস্থা ও এ প্রকল্পের অংশীদাররা স্বাগত জানিয়েছে।উৎক্ষেপণের পর ইএসএর-এর আর্থ অবজারভেশন প্রোগ্রাম-এর পরিচালক সিমোনেত্তা চেলি বলেছেন, খুবই সময়োপযোগী মুহূর্তে হয়েছে এ মিশনটি।এটি বিজ্ঞানের বিষয়, উদ্ভাবনের বিষয় ও পৃথিবীর মানুষদের স্বাস্থ্যেরও বিষয়।
উল্লেখ্য,গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে কার্বন সঞ্চয়ের বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে প্রাণ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন।বনের মধ্যে থাকা অসংখ্য গাছপালা মূলত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ও জল শোষণ করে বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়ে এবং এদের কোষের মধ্যে গ্লুকোজ বা চিনি আকারে শক্তি সঞ্চয় করে।এদিকে সালোকসংশ্লেষণের বিষয়ে বিভিন্ন স্কুলে পড়ালেও বন সার্বিকভাবে কীভাবে কাজ করে তার বিভিন্ন জটিলতা বোঝার বিষয়টি এখনও চ্যালেঞ্জ হিসাবেই রয়ে গিয়েছে গবেষকদের কাছে।বিশ্বের বনাঞ্চলে কী পরিমাণ কার্বন সঞ্চিত রয়েছে ও পরিবেশে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কার্বন সঞ্চয়ের বিষয়টি কীভাবে পরিবর্তিত হচ্ছে তা বুঝতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে গবেষকদের।









