
দক্ষিণ এশিয়জুড়ে পান বা এ জাতীয় জিনিস চিবিয়ে জনসমক্ষে থুতু বা পিক ফেলা সাধারণ ঘটনা। রাস্তা থেকে শুরু করে সিঁড়িঘর,কড়া পরিষ্কার,পরিচ্ছন্নতা ও নজরদারি না থাকলে খুব কম জনসমাগমস্থলই এই লাল দাগ থেকে মুক্ত থাকে।
দেখতে নোংরা, অস্বাস্থ্যকর ও বিরক্তিকর হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাসটি স্বাভাবিক হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তবে এই স্বতন্ত্র দক্ষিণ এশীয় অভ্যাসটি এখন সীমান্ত পেরিয়ে গেছে। ব্রিটেনেও এই অস্বাস্থ্যকর অভ্যাস বহনকারী ব্যক্তিদের কারণে সমস্যা বাড়ছে।লন্ডনের উত্তরাঞ্চলের একটি কাউন্সিল দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত এই গাঢ় লাল দাগ লেগে থাকা দোকান, ফুটপাত ও ভবন পরিষ্কার করতে প্রতিবছর ৩০ হাজার পাউন্ডের বেশি ব্যয় করে।ব্রেন্ট এলাকার কিছু অংশে, বিশেষ করে ওয়েম্বলি এলাকায়, পান চিবানো ব্যাপকভাবে প্রচলিত। সেখানে রক্তলাল রঙের লালার সঙ্গে তামাকের মিশ্রণ প্রায়ই ফুটপাত, টেলিফোন বক্স এমনকি ফুলের বাগানেও ছিটকে পড়তে দেখা যায়।
ব্রেন্ট কাউন্সিল জানিয়েছে, তারা এই সমস্যার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করবে। তাদের মতে, এটি শুধু মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতিই করে না, পরিষ্কার করতেও বিপুল খরচ হয়। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও এই জেদি দাগগুলো রাস্তা থেকে পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব—স্থানীয় কর্তৃপক্ষের দাবি,এমনকি উচ্চক্ষমতাসম্পন্ন পরিষ্কার–যন্ত্র দিয়েও কিছু দাগ তোলা যায় না।
—









