
গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি দাবি এবং প্যালেস্টাইনি ভূখণ্ডে সাহায্য পাঠানোতে ইসরায়েলের সবধরনের বাধা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আনা রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আমেরিকা ভেটো দিয়েছে।
প্রায় দু’ বছর ধরে চলা ইসরায়েল ও প্যালেস্টাইনি যোদ্ধা হামাসের মধ্যে যুদ্ধ নিয়ে এটি ছিল আমেরিকার ৬ষ্ঠ ভেটো। খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে নির্বাচিত ১০ সদস্য দেশ প্রস্তাবটি খসড়া করে। এতে আরো দাবি জানানো হয়েছিল, হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব বন্দিকে অবিলম্বে, মর্যাদাপূর্ণ ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।প্রস্তাবের পক্ষে ১৪ ভোট পড়ে। তবে আমেরিকা যেহেতু রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাই এটি আর কার্যকর হবে না।ভোটের আগে ডেনমার্কের রাষ্ট্রসংঘ রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস ল্যাসেন পরিষদে বলেন, গাজায় দুর্ভিক্ষ এখন অনুমানকৃত বা ঘোষিত নয়, এটি নিশ্চিত হয়েছে।তিনি বলেছেন, ইসরায়েল গাজা সিটিতে সামরিক অভিযান বাড়িয়েছে, যা অসামরিক নাগরিকদের কষ্ট আরো বাড়াচ্ছে।
এর আগে গত মাসে বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছিল, গাজা সিটি ও আশপাশের এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ চলছে এবং তা আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে আমেরিকা ঐতিহ্যগতভাবে রাষ্ট্রসংঘে তাদের মিত্র ইসরায়েলকে রক্ষা করে। তবে বিরল এক পদক্ষেপে গত সপ্তাহে তারা নিরাপত্তা পরিষদের এক বিবৃতিকে সমর্থন দিয়েছিল, যেখানে কাতারে সাম্প্রতিক হামলার নিন্দা করা হয়।









