
মুম্বইয়ের কাছেই ভিরারে এক বহুতলের একাংশ ভেঙে পড়ায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে ২০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার গভীর রাতে বাড়িটি ভেঙে পড়ে বলে দাবি। উল্লেখ্য, এই দুর্ঘটনায় ৮ জনের জখম হওয়ার কথা জানা গিয়েছে। আবাসনের দুই অংশের মধ্যে একটির চারতলায় চলছিল এক শিশুর জন্মদিনের পার্টি। তখনই সেই অংশটি ভেঙে পড়ে। ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা। সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দ্রুত এলাকায় হাজির হয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে দেন। উল্লেখ্য ওই বাড়িটি দশ বছরের পুরনো। আগেই সেটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল মুম্বই পুরসভা।








