
ভারত ছেড়ে চলে যাবে হোয়াট্সঅ্যাপ, তবু গোপনীয়তা সংক্রান্ত নিয়ম তারা লঙ্ঘন করবে না। দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছেন মেটার আইনজীবী।
২০২১ সালে কেন্দ্রীয় সরকারের ঘোষিত তথ্যপ্রযুক্তি নিয়মের মামলায় নিজেদের এই অবস্থান স্পষ্ট করেছে হোয়াট্সঅ্যাপ। এই সংক্রান্ত শুনানিতে দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমীৎ প্রীতম সিং অরোরার বেঞ্চে হোয়াট্সঅ্যাপের আইনজীবী জানিয়েছেন, যে পদ্ধতিতে তাঁরা গোপনীয়তা রক্ষা করেন, তা ভাঙা সম্ভব নয়। সেটা করতে গেলে মেসেজের একটি দীর্ঘ তালিকা দীর্ঘ সময়ের জন্য রেখে দিতে হবে। কারণ কখন কোন মেসেজ সংক্রান্ত তথ্য জানার প্রয়োজন হবে, তা আগে থেকে নির্ণয় করা যাবে না। এর ফলে লক্ষ লক্ষ মেসেজ বছরের পর বছর ধরে সংরক্ষণ করে রাখতে হবে। যা অসম্ভব। তাই এই নিয়ম হোয়াট্সঅ্যাপের ক্ষেত্রে প্রয়োগ করা হলে তারা ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হবে। পৃথিবীর অন্য কোনও দেশেও হোয়াট্সঅ্যাপ সংক্রান্ত এমন কোনও নিয়ম চালু করা হয়নি বলে জানিয়েছেন তাদের আইনজীবী। আদালতের পর্যবেক্ষণ, সাধারণ মানুষের গোপনীয়তার অধিকার রয়েছে। কিন্তু তা কখনওই নিরঙ্কুশ নয়। দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন। ১৪ অগস্ট এই মামলাটি আবার দিল্লি হাইকোর্টে শুনানির জন্য উঠবে।









