
ছত্তীসগঢ়ে পুলিশের চর সন্দেহে দুই গ্রামবাসীকে ফাঁসিতে ঝোলানোর অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলার মীরতুর থানার অন্তর্গত জাপ্পেমার্কা গ্রামে।
পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ঘটনাটির কথা স্থানীয় থানায় পৌঁছেছে এবং পুলিশ এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিন জন গ্রামবাসীকে অপহরণ করেছিলেন মাওবাদীরা। সেই তালিকায় এক স্কুল পড়ুয়াও রয়েছে।মাওবাদীদের সন্দেহ ছিল গ্রামের ওই পরিবারটির সঙ্গে গোপনে পুলিশের যোগাযোগ রয়েছে। পুলিশের ওই সিনিয়র আধিকারিক আরও জানিয়েছেন, ওই তিন জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর সালিশি সভা ডেকেছিলেন। সেখানেই দু’জনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা। অপহৃত দু’জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন মাওবাদীরা এবং স্কুল পড়ুয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছে এই হত্যার দায় স্বীকার করেছে মাওবাদীদের ভৈরমগড় এরিয়া কমিটি।এই খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। দেহগুলি উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার বিষয়ে আরও বিশদে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ।









