
এন্নোরের উত্তর চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশনে একটি নির্মীয়মাণ একটি আর্চ ভেঙে পড়ে ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০।
গুরুতর জখমদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে নর্থ চেন্নাইয়ের স্ট্যানলি গভর্নমেন্ট হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তামিলনাড়ু বিদ্যুৎ দফতরের সচিব ড. জে রাধাকৃষ্ণন। আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন তিনি। আভাদি পুলিশ কমিশনারেট জানিয়েছে, কী কারণে হঠাৎ ওই আর্চ ভেঙে পড়ল, তা এখনও পরিষ্কার নয়। চলছে উদ্ধারকাজ। সমান্তরালভাবে তদন্তও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনদের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেল-এ প্রধানমন্ত্রীর দফতরের বার্তা, চেন্নাইয়ের দুর্ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।









