
আমেরিকায় শাটডাউন চালু হয়ে গেল। অনিবিষ্টকালের জন্য অচল হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সেনেট মঙ্গলবার প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে না পারায় এই শাটডাউন হয়েছে।
এই পরিস্থিতি এড়ানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বৈঠক করেছিলেন সেনেটের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যেরা। কিন্তু তহবিল নিয়ে একমত হতে পারেননি তাঁরা। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সেনেট সদস্যদের নিয়ে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। মতানৈকা চলতে থাকায় শাটডাউন-এর কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দিয়েছে হোয়াইট হাউস। বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শাটডাউন শুরু হয়েছে আমেরিকায়। প্রতি অর্থবর্ষে সরকারের বিভিন্ন দফতরের কাজ চালানোর জন্য আমেরিকান কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। যদি এই সময়ের মধ্যে সেনেট সদস্যেরা একমত হয়ে ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে না পারেন, তবে বিভিন্ন দফতরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। যত দিন পর্যন্ত কংগ্রেস থেকে অর্থ বরাদ্দ না করা হচ্ছে, তত দিন দফতরগুলি বন্ধ থাকবে। ১০০ সদস্যের মার্কিন সেনেটে রিপাবলিকানদের সংখ্যা ৫৩।
যে কোনও বিল পাশ করাতে অন্তত সাত জন ডেমোক্র্যাটের সমর্থন তাঁদের প্রয়োজন হয়। সরকারি তহবিল সংক্রান্ত বিলে তা হয়নি। সেই কারণে সেনেটের অনুমোদনও মেলেনি।






