
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মধ্যেই আমেরিকা আবারও চাঁদে যাবে বলে জানিয়েছেন নাসার নবনিযুক্ত প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান।
স্পেসএক্স-এর সিইও ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী আইজ্যাকম্যান বলেছেন, আবারও চাঁদে যাওয়ায় ট্রাম্পের এই সংকল্প ‘অরবিটাল ইকোনমি’ বা কক্ষপথভিত্তিক অর্থনীতি উন্মোচনের চাবিকাঠি।নাসার দায়িত্ব পাওয়ার পর এটিই মিডিয়ার সামনে আইজ্যাকম্যানের প্রথম বড় কোনো বক্তব্য।এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে আইজ্যাকম্যানকে নাসা প্রধানের পদের জন্য মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে চলতি বছেরের মে মাসে হঠাৎ করেই নিজের এ সিদ্ধান্ত বাতিল করে দেন প্রেসিডেন্ট। কারণ হিসেবে তিনি আইজ্যাকম্যানের অতীতের কিছু সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন।তারপর,এ বছরের নভেম্বরে পুনরায় আইজ্যাকম্যানকে নাসা প্রধান হিসেবে মনোনীত করেন ট্রাম্প। একজন উদ্যোক্তা ও বেসামরিক নভোচারী আইজ্যাকম্যান ২০২১ সালে স্পেসএক্স-এর ক্রু ড্রাগন মহাকাশযানে করে কক্ষপথ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।আইজ্যাকম্যান বলেছেন, চাঁদ অভিযানের মধ্যে রয়েছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটিতে স্পেস ডেটা সেন্টার বা মহাকাশভিত্তিক তথ্য কেন্দ্র ও অবকাঠামো তৈরি করা। সেইসঙ্গে চাঁদের উপরিভাগে মিশে থাকা বিরল গ্যাস হিলিয়াম- থ্রি সংগ্রহ, যা ফিউশন পাওয়ার বা পারমাণবিক ফিউশন শক্তির প্রধান জ্বালানি হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেছেন, চাঁদে ঘাঁটি তৈরির পর পারমাণবিক শক্তি ও মহাকাশ পারমাণবিক প্রপালশন ব্যবস্থায় বিনিয়োগের দিকে নজর দেবে নাসা, যাতে মহাকাশ গবেষণাকে আরও অনেক দূর এগিয়ে নেওয়া যায়।









