
কয়লাকাণ্ডে প্রথমে লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পর সেক্টর ফাইভের অফিসে ইডির অভিযানের মধ্যে ঠায় সেখানে বসে রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর সাড়ে ১২ টার পর সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর আউটট্রাম ঘাটে পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় প্রায় ৫ ঘণ্টা পর আইপ্যাকের অফিস ছাড়েন তিনি। বেরনোর সময় মুখ্যমন্ত্রী বলেছেন যেভাবে হামলা করা হয়েছে, তার প্রত্যুত্তর জনগণ দেবে। প্রতীক জৈনের বাড়ির পর সল্টলেকে আইপ্যাকের অফিসে পৌঁছনোর পর এক ঘণ্টা পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলে তাঁকে নিয়ন্ত্রণ করার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারপরেই ফের আবার আইপ্যাকের অফিসে ঢুকে যান তিনি।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যতক্ষণ না প্রতীক জৈন আসছেন, ততক্ষণ তিনি অফিস ছাড়বেন না। বৃহস্পতিবার বিকেল নাগাদ আইপ্যাকের দফতরে প্রতীক জৈন পৌঁছতেই অফিস ছাড়েন মুখ্যমন্ত্রী।






