
মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে নয়, কেবলমাত্র ফটোশুট, ভিডিয়ো শুট করতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
শেহজাদ বলেছেন, বিজেপির আধিবাসী সম্প্রদায়ের সাংসদ খগেন মুর্মুকে ঘৃণ্যভাবে মারা হয়েছে। ওনার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। ওনার পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক, চোখটা নষ্ট হতে বসেছিল। কোনওভাবে রক্ষা করা গিয়েছে। আইসিইউ তে ভর্তি রয়েছেন। তাঁর এক্স রে রিপোর্টে স্পষ্ট দেখা গিয়েছে, মুখে চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে। মঙ্গলবারই শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে খগেন মুর্মুকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বেরিয়ে এসে বলেছিলেন, কথা হয়েছে, অবস্থা স্থিতিশীল, কানের পিছনের নীচে একটু লেগেছে।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে বিঁধেই শেহজাদ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে লোক দেখাতে ফটোশুট করতে গিয়েছিলেন। এক মিনিটের কম সময় থাকেন। আর বাইরে বেরিয়ে এসেই ভিডিয়ো শুট করে বলেন, কেবল কানের নীচে একটু চোট লেগেছে। চোখের নীচের কয়েক সেন্টিমিটার দূরত্বেই হাড় ভেঙেছে, চোখটা নষ্ট হয়ে যেতে পারত। পুরো হামলার নেপথ্যে তৃণমূল জড়িত বলে আরও একবার অভিযোগ করেন তিনি।







