
বুধবারের মতো বৃহস্পতিবারও ধোঁয়াশার গাঢ় চাদরে ঢেকেছে রাজধানী দিল্লি।। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী, দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্সে বাতাসের গুণগত মাত্রা পৌঁছেছে ৪৩২।
যা খুব মারাত্মক পর্যায়ের মধ্যে পড়ে। রাজধানীর আকাশ ধোঁয়াশায় ঢেকে যাওয়ার জেরে দৃশ্যমানতাও অনেকটা নেমে গিয়েছে। আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ হয়েছে। জানা গিয়েছে, দিল্লি সহ একাধিক বিমানবন্দরের দৃশ্যমানতা গভীর প্রভাব ফেলেছে। পাঞ্জাবের অমৃতসর এবং পাঠানকোট বিমানবন্দরের দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। একটি বিশেষ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দৃশ্যমানতা নেমে যাওয়ায় পরিষেবায় বিলম্ব হতে পারে। রাজধানীতে দূষণের বৃদ্ধি পরীক্ষা করে বাতাসের গুণমান সূচকে গুরুতর রিপোর্ট করা হয়েছে। দিল্লি থেকে ২৫০ কিমি দূরে চণ্ডীগড়েও দূষণের গভীর প্রভাব পড়েছে। বৃহস্পতিবার সেখানে বাতাসের গুণগতমান ছিল ৪১৫। পরিস্থিতি এমন যে শ্বাসকষ্টের অভিযোগ তুলছেন রাজধানীবাসীর একাংশ।
পাশাপাশি এই পরিস্থিতি থেকে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। শীতের মরশুম পরতেই দিল্লির দূষণ পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া









