
পোল্ট্রি, খাদ্যপ্রক্রিয়াকরণ সহ একাধিক সংস্থার নামে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে প্রতারণা করে ইডির জালে ব্যবসায়ী হরিশ বাগলা। অভিযোগ, নিজের ও স্ত্রীর নামে ব্যাঙ্ক থেকে ১৯০ কোটি টাকার বেশি ঋণ নেন তিনি।
অমৃত ফিডস লিমিটেড-সহ প্রায় ৩০ টি সংস্থার হদিশ মিলেছে। যে সংস্থাগুলোর নামে ঋণ তুলে প্রতারণা করেছেন এই ব্যবসায়ী। ব্যাঙ্কের তরফে অভিযোগ হয়েছিল, তারই তদন্তে নামে ইডি। তারপরেই যশোর রোডে অভিজাত আবাসন থেকে গ্রেফতার হয়েছেন হরিশ। অভিযোগ, ১০২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন ভুয়ো সংস্থার নামে খোলা হয়েছে। যেখানে হরিশ বাগলা নিজের পরিচিতদের ডিরেক্টর বা ম্যানেজার করে রেখেছেন। এই সংস্থাগুলোর নামে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই টাকা অন্যত্র সম্পত্তি কেনার ক্ষেত্রে লগ্নি হয়েছে বলে খবর। ৮০টি সম্পত্তির ডিড পাওয়া গেছে। যেগুলো ভুয়ো সংস্থার নামে কেনা হয়েছে।
যার আসল মালিক হরিশ। পাশাপাশি, ৪১ টি প্যান কার্ড তৈরি হয়েছে বিভিন্ন সংস্থার নামে। ৪৯ দশমিক ৫ লক্ষ টাকা নগদ সিজ হয়েছে। ৯ টি জায়গায় অভিযান চালিয়ে নথি বাজেয়াপ্তও হয়েছে।









