
উত্তরাখণ্ডে পৌড়ি জেলায় বরযাত্রী বোঝাই বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। আহত হয়েছেন বহু।
যুদ্ধকালীন তৎপরতায় আহতের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনা নিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার রিতু খানদুরি। সেখানে গিয়ে গ্রামবাসিদের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। জানা গিয়েছে, হরিদ্বারের লালধাং থেকে পৌড়ীর বিরনখাল গ্রামে বরযাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটি। বিয়ে বাড়ি থেকে মাত্র ২ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর একটি খাদে বাসটি পড়েছে। বাসে ছিলেন ৪০ থেকে ৫০ জন। যাত্রীদের চিৎকার শুনে ছুটে এসেছেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এসডিআরএফ ও স্থানীয় থানার পুলিশ। সকলের সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।









